ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশ পরিচয়ে মহাসড়কে ট্রাক থামিয়ে বিপুল পরিমাণ রড লুটের চাঞ্চল্যকর ঘটনায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও কেরানীগঞ্জে পৃথক অভিযানে লুট হওয়া রডের বড় অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের মদনপুর জাঙ্গল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএসআরএমের প্রায় ১৩ টন রড টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ‘আনোয়ার অ্যান্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানে পাঠানো হয়। রডের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা এবং ব্যবহৃত ট্রাকটির মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।
পরদিন ৩১ জানুয়ারি ভোরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকা–চন্দ্রা মহাসড়কে পৌঁছালে ৭–৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি থামায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকসহ পুরো রড লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ তদন্তে নামে। এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫ ফেব্রুয়ারি রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন —মোঃ সোহেল (২৬), মোঃ বিজয় (২৮), মোঃ মানিকুল (৪১), মোঃ সাইদুল ইসলাম (৩৫)।
গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে —সাভারের ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেটের ‘মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ’ থেকে: ৫,৩০০ কেজি রড উদ্ধার, কেরানীগঞ্জের বড়াইকান্দি এলাকার একটি পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে: ৭,২০০ কেজি রড উদ্ধার। মোট উদ্ধারকৃত রড: ১২,৫০০ কেজি (১২.৫ টন)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকি মালামাল উদ্ধার ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 
