ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেনসহ ডিবির একটি দল প্রথম অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকায়। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে মো. তৈয়ব (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার তৈয়বের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তৈয়ব ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার খাদ্রহর গন্ডি এলাকার আইয়ুব আলী ও হালিমা খাতুনের ছেলে। বর্তমানে তিনি সাভার মডেল থানার পোড়াবাড়ি এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এরপর একই রাতে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে মো. ইউসুফ (৪৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইউসুফের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ইউসুফ আশুলিয়ার কাঠগড়া পূর্বপাড়া এলাকার বজলু মিয়া ও ছালেখা খাতুনের ছেলে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক সিদ্ধান্তই চূড়ান্ত।

বাংলাদেশ খবর ডেস্ক 







