কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ওইসব সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সরকার মনে করছে।
সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে “সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব” উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে যে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, সেই প্রক্রিয়ায় কিছু সাংবাদিক সহযোগিতা করেছেন—এমন অভিযোগও রয়েছে। আবার অনেক সাংবাদিক স্বাধীনভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তিনি বলেন, এই সরকারের সঙ্গে সবাইকে একইভাবে যুক্ত করে দেখা যাবে না।
তিনি আরও উল্লেখ করেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে আইনের বাইরে গিয়ে কারও ক্ষতি করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও অতিথিবৃন্দ।

বাংলাদেশ খবর ডেস্ক 





