আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সারাদেশব্যাপী এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোর এই ক্যাম্পেইনে বিনামূল্যে টিকা পাবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, “সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহণ করলে টাইফয়েড জ্বরে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”
টিকাদান কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া মোট ১০ দিন টিকা দেওয়া হবে। এরপর ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৮ দিন টিকা কার্যক্রম চলবে।
এছাড়া, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকাদান চলবে।
অধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের শিশু-কিশোরদের মধ্যে টাইফয়েড প্রতিরোধে একটি বড় অর্জন সম্ভব হবে।”

অনলাইন ডেস্ক 







