প্রতারণার আশ্রয় নিয়ে অসুস্থতার ভান করে হুইলচেয়ারে বসে জামিন নেওয়ার চেষ্টা করায় অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবুকে কারাগারে পাঠিয়েছেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রংপুর জেলা ও দায়রা জজ আদালতে এ আদেশ দেন বিচারক।
মামলার নথি সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন বাবু পীরগাছা থানায় দায়েরকৃত অস্ত্র মামলা (জি.আর. নং-২২২/২৫)-এর আসামি। ৬৫ বছর বয়সী এই আসামি মেসার্স মাল্টিট্রেড ইন্টারন্যাশনাল আর্মস ডিলারস-এর পরিচালক এবং রংপুর মহানগরীর কোতোয়ালি থানার মুলাটোল এলাকার বাসিন্দা।
এর আগে তিনি হাইকোর্ট বিভাগ থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান। সেই অনুযায়ী গত ১২ অক্টোবর তিনি রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত ১৬ অক্টোবর তারিখে শুনানির দিন ধার্য করেন।
নির্ধারিত দিনে (১৬ অক্টোবর) তিনি হুইলচেয়ারে বসে আদালতে প্রবেশ করেন এবং অসুস্থতার কথা উল্লেখ করে জামিন চান। তবে আদালতের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি নিচতলা থেকে হেঁটে উপরে ওঠেন, পরে আদালতকক্ষে প্রবেশের আগে হুইলচেয়ারে বসেন।
বিচারক ফজলে খোদা মোঃ নাজির সিসিটিভি মনিটরের ফুটেজ পর্যালোচনা করে আসামির ইচ্ছাকৃতভাবে অসুস্থতার ভান করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা প্রমাণিত হওয়ায় জামিন আবেদন নামঞ্জুর করেন এবং সি-ডব্লিউ (কাস্টডি ওয়ারেন্ট) মূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রংপুর জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, “আসামি সুস্থ অবস্থায় হেঁটে আদালতে প্রবেশ করেন, কিন্তু হুইলচেয়ার ব্যবহার করে অসুস্থতার ভান করেন। বিচারকের নির্দেশে তাঁকে হেফাজতে নেওয়া হয় এবং পরে জেলহাজতে পাঠানো হয়।”
তিনি আরও বলেন, “আদালতের নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ সিসিটিভি মনিটরে নিয়ন্ত্রিত। কেউ প্রতারণার আশ্রয় নিয়ে আদালতকে বিভ্রান্ত করতে পারবে না।”
বিচার সংশ্লিষ্ট মহল মনে করছে, বিচারকের এ পদক্ষেপ আদালতের প্রতি মানুষের আস্থা ও ন্যায়বিচারের মর্যাদা আরও দৃঢ় করবে।

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি 





