রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব, সাহসী ও নির্যাতিত নেতা আনিছুর রহমান লাকুকে অশ্রু, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানালেন হাজারো মানুষ। বুধবার (৮ অক্টোবর) বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তার জানাজায় অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জামায়াতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খান, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, এবি পার্টির জেলা সভাপতি আব্দুল বাসেত মারজান, গণতান্ত্রিক ছাত্র সংসদ মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন সৎ, পরিচ্ছন্ন, সাহসী ও সংগ্রামী নেতা। বিএনপি’র দুর্দিনে তিনি মাঠে থেকে কর্মীদের মনোবল চাঙ্গা রেখেছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য।
তারা আরও বলেন, মিথ্যা মামলায় কারাদণ্ড, গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েও তিনি দল ত্যাগ করেননি। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও মানবিক আচরণের জন্য তিনি ছিলেন সর্বমহলে জনপ্রিয়।
রাজনৈতিক জীবনে আনিছুর রহমান লাকু কারমাইকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপি’র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা বিএনপি’র কাউন্সিলে তিনি একমাত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। বক্তৃতার সময় অনেক নেতা-কর্মী আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। বাদ মাগরিব হোমিওপ্যাথি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজার পর ছোট নুরপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
ঢাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে বুধবার সকালে বগুড়ার শেরপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি 






