ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা কারখানায় অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছও রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে মালঞ্চ ও সুতিপাড়া ইউনিয়নের সাহা-বেলীশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট তিনটি কারখানা পরিদর্শন করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় গিয়ে কোনো উৎপাদন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। তবে সাহা-বেলীশ্বর এলাকায় একটি কারখানায় সীসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলমান অবস্থায় ধরা পড়ে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করেন। পাশাপাশি কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, সীসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি আরও জানান, শুধু জরিমানা করাই নয়, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে কারখানার আশপাশে গাছ লাগানো হয়েছে। স্থানীয়দের এসব গাছের যথাযথ পরিচর্যার নির্দেশনাও দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 





