আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি মনোনীত ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচনী বিধি অনুযায়ী তিনি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে ইউএনও কার্যালয় প্রাঙ্গণ।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহন মিয়া, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তানভীর তমিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন দাখিল শেষে প্রতিক্রিয়ায় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু বলেন, দলীয় প্রতীকের পক্ষে মনোনয়ন জমা দেওয়ায় ঢাকা-১৯ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনী বিধি মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি বিজয় অর্জন করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, ঢাকা-১৯ আসনটি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তারেক রহমানকে এই আসন উপহার দিতে পারবো। সাভার ও আশুলিয়া এলাকার জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবো।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রি শুরুর পর ঢাকা-১৯ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। বাকি ৪ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি।

সাভার উপজেলা প্রতিনিধি 





