ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক তিনটি অভিযানে ৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম এসব অভিযান পরিচালনা করে।
গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন—মোঃ আতিকুর রহমান (৩৭), সাং-চারিগ্রাম, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। মোঃ নয়ন মন্ডল (৩১), সাং-গুটিয়া, থানা-সিংড়া, জেলা-নাটোর; বর্তমানে আশুলিয়ার বাসানটেক এলাকায় ভাড়াটিয়া। মোঃ মাসুদ মিয়া (২৫), সাং-কুমিল্লার ক্যাম্প, থানা-ভোদা, জেলা-পঞ্চগড়।
২৩ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে সাভার থানাধীন বাসস্ট্যান্ড পল্লি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ ফরিদ হোসেন (৪০)-কে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার শ্যামনগর পশ্চিমপাড়া এলাকায়। বর্তমানে তিনি সাভারের ছায়াবিথি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
এর আগে ২২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটে সাভার থানাধীন শ্যামপুর কুমারখোদা এলাকায় পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ সাহেলা খাতুন (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। তার বাড়ি সাভার থানার শ্যামপুর গোলাপগ্রাম এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে আতিকুর রহমানের বিরুদ্ধে ২টি, নয়ন মন্ডলের বিরুদ্ধে ৪টি এবং ফরিদ হোসেনের বিরুদ্ধে ৯টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 





