ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইনসহ মোট পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। অভিযানে উদ্ধার করা হয়েছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ২০০ পুড়িয়া হেরোইন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। পৃথক অভিযানে ডিবির বিভিন্ন টিম অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে রাত ৯টার দিকে ধামরাই থানাধীন জয়পুরা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। এসময় সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাজমা (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই থানার কালামপুর এলাকার বাটুলিয়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এরপর একই রাতে রাত ১০টা ২০ মিনিটে আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান। এসময় মো. মেহেদী হাসান তুহিন (৩৪) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত তুহিন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার গাজীরচট এলাকায় বসবাস করতেন। অপর আসামি সাদ্দাম হোসেন আশুলিয়ার গাজীরচট কাঠালতলা মাঠ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
একই দিন রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার কান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা। এ সময় মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। জিয়াউর রহমান নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা হলেও আশুলিয়ার কান্দাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
পরবর্তীতে ১০ মে রাত ১২টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) মো. আব্দুল হাই ফকির। এসময় মো. আকরাম বিশ্বাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আকরাম বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের কৃষ্ণপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নাজমার বিরুদ্ধে চারটি এবং মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দুটি করে মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 

