ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (১৯ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতাররা হলেন— টাঙ্গাইলের গোপালপুর থানার শিমলাপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে মোঃ আলতাব হোসেন (৩৮), ফরিদপুরের বোয়ালমারী থানার দক্ষিণ কামারগ্রাম এলাকার ইসহাক মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (৪০) এবং রাজশাহীর বাঘা থানার ফতেপুর এলাকার মৃত এরশাদ প্রামাণিকের ছেলে মোঃ শুকচাঁন আলী (৩৭)। তারা বর্তমানে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া আলতাব হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 






