ঢাকা জেলার গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে একটি সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ৭ মার্চ ২০২৬ খ্রি. রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য মোঃ দ্বীনদার আলী নাইম (২৬)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দ্বীনদার আলী নাইমের পিতা মৃত মোশারফ হাওলাদার। তার স্থায়ী ঠিকানা খুলনা জেলার তেরখাদা থানার মল্লিকপুর গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া এলাকার ছয়তলা (স্বপ্ন নিবাস) এলাকায় বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫, তারিখ ০১ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ খবর ডেস্ক 





