ঢাকা জেলার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর একটি বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ভোররাতে পরিচালিত এ অভিযানে ধৃত আসামীর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে পরিচালিত হয়।
অভিযানে মোঃ আফজাল হোসেন (৪৭) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তিনি মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটির গায়ে ‘MADE IN PAKISTAN’ এবং ওয়ান শটারগানটির বডিতে ‘BARMA’ লেখা খোদাই করা রয়েছে।
এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সুজুকি মোটরসাইকেল (ইঞ্জিন ও চেসিস নম্বরসহ) জব্দ করা হয়। একই স্থানে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ছিল স্টিলের তৈরি ধারালো ছোরা, লোহার তৈরি প্লাস্টিক বাটযুক্ত ছোরা এবং চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র।
ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ খবর ডেস্ক 





