ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। পৃথক তিনটি অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ পুরিয়া হেরোইন উদ্ধারসহ মোট ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করে।
গত ৩ জুন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মতিউর রহমান। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩৮) ও জুয়েল জমাদ্দার জয় (২৭)-কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
একই দিন রাত ৮টা ৩০ মিনিটে ডিবি (উত্তর)-এর আরেকটি টিম এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া-এর নেতৃত্বে সাভার থানার নামাগেন্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় রুজিনা (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
ধামরাইয়ে আরও এক মাদক কারবারি আটক
একই অভিযানের ধারাবাহিকতায় ধামরাই থানার ডাউটিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃত দেলোয়ার দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অপরদিকে ৪ জুন রাত ১২টা ১৫ মিনিটে আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম। অভিযানে মোঃ মোশারফ হোসেন (২৩) ও মোঃ ফজলে রাব্বি (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, মাদক পরিবহন ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

বাংলাদেশ খবর ডেস্ক 



