ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত “South Asia Fall Festival 2025” সফলভাবে সম্পন্ন হয়েছে। ২১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসব নানা আয়োজন, কর্মসূচি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের জন্য পরিণত হয় এক অনন্য আনন্দমুখর মিলনমেলায়।
উৎসবের অংশ হিসেবে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয় ‘এইচএসসি পাস শিক্ষার্থী সংবর্ধনা–২০২৫’। দেশে বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেন। মোট ১৩টি কলেজের প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তোলে।
ফ্যাল ফেস্টিভালে ছিল হেলথ ক্যাম্প, মেহেদি ফেস্ট, বিভিন্ন স্পোর্টস প্রতিযোগিতা, ফুড স্টল, প্রদর্শনীসহ নানা আকর্ষণীয় আয়োজন। প্রতিদিন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তোলে।
সপ্তাহব্যাপী আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ২৬ নভেম্বর সন্ধ্যার ব্যান্ড শো। সমসাময়িক জনপ্রিয় ব্যান্ডগুলোর পারফরম্যান্সে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে। দর্শকদের ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এ. ওয়াদুদ মন্ডল। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানসিক বিকাশে এমন উৎসব আয়োজনকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিনবৃন্দ, আমন্ত্রিত কলেজসমূহের অধ্যক্ষ এবং অতিথিবৃন্দ। তারা সবাই শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণকে ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন।
উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পুরো সপ্তাহজুড়ে ক্যাম্পাস ছিল উৎসবমুখর, এবং শিক্ষার্থী–শিক্ষকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নিজস্ব প্রতিবেদক 





