ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ।
জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভিন-এর সার্বিক নির্দেশনায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৬ জুলাই ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ রশিদুল ইসলাম ওরফে বাবু (৩৩)। পিতা: মোঃ শহিবর প্রামানিক, মাতা: রওশন আরা খাতুন। স্থায়ী ঠিকানা: ভাদালীয়া পূর্বপাড়া, থানা: রানীনগর, জেলা: নওগাঁ। বর্তমানে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় সজিব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
২. মোঃ আতাউর রহমান (২৩)। পিতা: মোঃ জাহাঙ্গীর হোসেন, মাতা: আক্তারুন বেগম। স্থায়ী ঠিকানা: রায়পুর, থানা: আত্রাই, জেলা: নওগাঁ। বর্তমানে আশুলিয়ার নতুননগর পেচারটেক এলাকায় শরীফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার সর্বত্র এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 







