ঢাকা জেলার ডিবি (উত্তর) এর একটি বিশেষ অভিযানে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর দিকনির্দেশনায় ২৩ অক্টোবর বিকাল ৪ টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বাদাইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করা হয়।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও সংগীয় ফোর্সসহ দলটি আশুলিয়ার বাদাইল পশ্চিমপাড়া সাকিনস্থ হাসিনা ইয়াসমিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ আজম মোল্লা কে গ্রেফতার করে। আসামি আজম মোল্লা, গোপালগঞ্জ কাশিয়ানী থানার পাথরঘাটা এলাকার বাদশা মোল্লার ছেলে। তিনি সাভারের কলমা এলাকায়, মুড়ী ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে বসবাস করেন।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
