![]()
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) মো. আ. মুত্তালিব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশ নেন।
২৬ জুলাই বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোসা. মেহেরুন নেছা (২৬) নামে এক নারীকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আরিকোলা গ্রামের মৃত আমির হোসেনের মেয়ে এবং মো. সজিব মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official