![]()
এশিয়ান গেমসে কেটে গেছে প্রায় দুই দশক, কিন্তু পদকের দেখা নেই পুরুষ কাবাডি দলের। মেয়েরাও ১১ বছর ধরে আন্তর্জাতিক কোনো সাফল্যের মুখ দেখেনি। অথচ ঘরোয়া কাবাডিতে অর্থের ঘাটতি নেই। তারপরও আন্তর্জাতিক মঞ্চে ব্যর্থতার ধারা কাটাতে পারছে না বাংলাদেশ।
এমন বাস্তবতায় মেয়েদের কাবাডি বিশ্বকাপ আয়োজনকে বড় সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসবে এই টুর্নামেন্টের আসর।
বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, “কাবাডির উন্নতি এখন দৃশ্যমান। দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি। মেয়েদের বিশ্বকাপ আয়োজন আমাদের জন্য বড় পদক্ষেপ।”
গত আগস্টে ভারতের আয়োজন করার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ। কিন্তু বিশ্ব কাবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দুই গ্রুপের দ্বন্দ্বে তা সম্ভব হয়নি। পরে দায়িত্ব নেয় বাংলাদেশ।
১৪টি দেশ অংশ নেবে এবারের আসরে—বাংলাদেশ, ভারত, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, কেনিয়া, উগান্ডা ও জাঞ্জিবার।
স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে।
মেয়েদের বিশ্বকাপ কাবাডির মোট বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৫ কোটি টাকা, বাকি অর্থ স্পন্সরদের সহযোগিতায় জোগাড়ের চেষ্টা করছে ফেডারেশন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official