
সাভারের ক্রমবর্ধমান জনসংখ্যা ও শিল্পাঞ্চলকেন্দ্রিক স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ১০ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
আনন্দ র্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। র্যালিজুড়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবির পাশাপাশি সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানানো হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী। এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, সাভার একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। দীর্ঘদিন ধরে শয্যাসংখ্যা বৃদ্ধি এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি ছিল। ৫০ শয্যার পরিবর্তে ১০১ শয্যায় উন্নীতকরণ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এছাড়া হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন তারা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বলেন, এতে হাসপাতালের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং চিকিৎসাসেবা প্রদানে আরও অনুকূল পরিবেশ তৈরি হবে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যখাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্থানীয়দের প্রত্যাশা, শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলের মানুষের জন্য আরও কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official