![]()
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দলগুলো অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে রাত সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. রাসেল (২৮) ও নেলচন প্রতীক (৩৮)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার রাসেল নরসিংদীর রায়পুরা থানার কাচের কান্দি এলাকার খলিল মিয়ার ছেলে। তিনি বর্তমানে সাভারের কলমা দক্ষিণপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর আসামি নেলচন প্রতীক খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকার পল সুশান্ত ফলিয়ার ছেলে। তিনিও সাভারের বিরুলিয়া এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন।
পুলিশের পৃথক আরেকটি অভিযানে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. নাদিম হোসেন দিপু (৩৮) ও মো. হাবিব মোল্লা (৩০)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নাদিম হোসেন দিপু গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর মণ্ডলপাড়া এলাকার মৃত আবদুল বারীর ছেলে। অপর আসামি হাবিব মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী থানার বড় পারুলিয়া এলাকার কাঞ্চন মোল্লার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাদিম হোসেন দিপুর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য সংক্রান্ত নয়টি মামলা রয়েছে।
এদিকে একই রাতে সাভার মডেল থানাধীন হিন্দু ভার্কুতা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানে নিমাই চন্দ্র মন্তু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ট্যাপেন্টাডলের ওজন প্রায় ৩০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নিমাই চন্দ্র মন্তু লালমনিরহাট সদর থানার কুইষামারী হিন্দুপাড়া এলাকার রনজিৎ চন্দ্র মন্তুর ছেলে। তিনি বর্তমানে সাভারের ঋষিপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official