![]()
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শুক্রবার (২ অক্টোবর ) রাত ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই (নিঃ) শেখ মো. মাসুদ আল মামুনসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জোরপুল এলাকায় অভিযানকালে রায়হান ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুল ও রাশেদা বেগমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরে বাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রায়হান ইসলামের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের দাবি অনুযায়ী, এ অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official