![]()
ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, ঢাকা উত্তর জোনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সিএসএস সাভার-২ ব্রাঞ্চ কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রান্তিক জনগোষ্ঠীর মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা। এছাড়া মা ও শিশুদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, সিএসএস-মাইক্রোফাইন্যান্স শুধু আর্থিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেই থেমে নেই, বরং সমাজের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নিয়মিত কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিভিন্ন সময় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলমগীর শেখ বলেন, “আমরা সিএসএস মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে মানুষের আর্থিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিষয়ক কাজ করে যাচ্ছি। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিটি ব্রাঞ্চ থেকেই নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্বের অংশ।”
সহকারী রিজিওনাল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিএসএস সবসময় কাজ করে যাচ্ছে। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলছে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”
সিএসএস সাভার-২ ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ মোজাফফর হোসেন বলেন, “স্বল্প আয়ের মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করছে।”
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আয়োজকরা আরও জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official