
মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের সার্বিক নির্দেশনায় মাদক নির্মূলে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাভার মডেল থানার রাজাবাড়ী গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দলে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির অন্যান্য সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী হলেন মোছা. রুমি আক্তার (৩১)। তার পিতা মো. আব্দুল বারী, স্বামী মো. জসিম উদ্দিন এবং মাতা মোছা. লাভলী বেগম। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাব্দী এলাকায়। বর্তমানে তিনি সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় মাহবুবুর রহমান শিশিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৪ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত রুমি আক্তারের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সাধারণ মানুষের প্রতি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে, যাতে সমাজে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হয়।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official