![]()
ঢাকার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বলে ধারণা করা একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো লোহার কাটার এবং একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার হন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রবীন্দ্রনগর (বাদলা) এলাকার কালু মিয়ার ছেলে মো. আতিক (৩৫)। তিনি সাভারের রেডিও কলোনিতে বাদশা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এছাড়া ফরিদপুর জেলার কোতোয়ালী থানার আহাম্মদ মোল্লা ডাঙ্গী এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে ইসহাক মোল্লা (৪৫) গ্রেফতার হন। তিনি সাভার মডেল থানার ব্যাংক কলোনিতে বসবাস করতেন।
অভিযানে আটক অপর ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ জেলার নতুন আমঘাটা এলাকার মৃত আহসান মোল্লার ছেলে মো. শাহ আলী (৪২)। তিনি সাভার মডেল থানার ব্যাংক কলোনিতে আনোয়ারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি লোহার তৈরি ধারালো চাইনিজ কুড়াল, একটি ধারালো লোহার কাটার এবং একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র ব্যবহার করে তারা ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশের অপরাধ সংক্রান্ত তথ্যভান্ডার (পিসি/পিআর) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধেই পূর্বে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে মো. আতিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও দস্যুতাসহ দুটি মামলা, ইসহাক মোল্লার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে দুটি মামলা এবং মো. শাহ আলীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলবে।
গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official