![]()
সাভারে মাদকের বিস্তার রোধে রাজনৈতিক বিভেদ ভুলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেছেন, "সাভারকে কোনোভাবেই মাদকের অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া হবে না। মাদক নির্মূল কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়, এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব।"
মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোরশেদ আলম বলেন, মাদকের আগ্রাসন রোধে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সব মহলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কার্যকর মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান রাজনীতিতে আদর্শনিষ্ঠ ও সৎ নেতৃত্বের ঘাটতি স্পষ্ট। নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
বক্তব্যে তিনি প্রয়াত বিএনপি নেতা খন্দকার শাহ মইনুদ্দিন বিল্টুকে স্মরণ করে বলেন, তিনি বেঁচে থাকলে সাভারের প্রতিটি ওয়ার্ডে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হতো। তিনি ছিলেন জনবান্ধব, সজ্জন ও আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি আরও বলেন, সাভারের মানুষ রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সচেতন। তবে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাদকের বিস্তার। এ সংকট মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মাদবর।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official