
সরবরাহ বাড়ায় কমেছে দাম
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সারাদেশে সবজির দাম কমতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু ও শাকসবজি এখন ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে। বিক্রেতারা জানান, শীতের কারণে মাঠ থেকে সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে দাম কমছে এবং আগামী সপ্তাহে আরও কমার সম্ভাবনা রয়েছে।
পেঁয়াজের দাম হ্রাস, নতুন পেঁয়াজ সাশ্রয়ী
পুরনো পেঁয়াজের দাম এখনও তুলনামূলক বেশি থাকলেও নতুন মুড়িকাটা পেঁয়াজ কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকা। দুই থেকে তিন সপ্তাহ আগের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেক নেমে এসেছে।
শাকসবজি ও ফুলকপির বাজারে স্বস্তি
মাঝারি আকারের বাঁধাকপি বাজার ও মানভেদে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ৩০ টাকার বেশি ছিল। ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। শিমের দামও কমেছে। নতুন আসা বিচিওয়ালা শিম কেজি ৬০ টাকায় এবং অন্যান্য জাতের শিম ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
আলু, মুলা ও বেগুনের দাম কমেছে
মাত্র কয়েক সপ্তাহ আগেও নতুন আলু কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ২০ থেকে ২৫ টাকায়। মুলা কেজি ৩০ থেকে ৪০ টাকায় এবং বেগুন ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ১০ টাকা কম।
টমেটো ও শাকের বাজার
পাকা টমেটোর দাম কিছুটা কমলেও এখনো পুরোপুরি ক্রেতাদের নাগালে আসেনি। বর্তমানে টমেটো কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে শাকের বাজারে স্বস্তি রয়েছে। পালং শাক, লাল শাক ও মুলা শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।
ডিম ও মুরগির বাজারে স্থিতিশীলতা
ফার্মের বাদামি ডিম প্রতি ডজন ১১৫ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকা এবং সোনালি মুরগির কেজি ২৪০ থেকে ২৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাছের বাজারে পরিবর্তন নেই
চাষের তেলাপিয়া, পাঙাশ ও কই মাছ কেজি ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। রুই ও কাতলা মাছের কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে মাছের দাম অপরিবর্তিত রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official