![]()
‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়।
শিক্ষকরা জানিয়েছেন, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে ফিরবেন না।
এর আগে সোমবার সকাল থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এতে স্কুল–কলেজের পাঠদান কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধির হার “অপর্যাপ্ত ও অবাস্তব”। তারা আরও দাবি জানিয়েছেন — সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন ও এমপিওভুক্ত শিক্ষকদের সার্বিক সুবিধা বৃদ্ধির।
গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশি বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
রোববার ও সোমবার রাতভর খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান করেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
অন্যদিকে, সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা, শিক্ষক লাউঞ্জ বা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।
এছাড়া, বিভিন্ন জেলা-উপজেলায় শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করছেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official