
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টা থেকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্পট ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণ হচ্ছে কিনা, তা সরাসরি পর্যবেক্ষণের জন্য মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী। তিনি নগরবাসীর দুর্ভোগ কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তব অবস্থা দেখতে বিভিন্ন এলাকায় যান।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হন। এরপর তিনি গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল এলাকা অতিক্রম করে তালতলা মার্কেট ও বাসাবো সড়ক পরিদর্শন করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা ও রায়সাহেব বাজার এলাকা ঘুরে আদালত সড়ক ও নয়া বাজার হয়ে বংশাল রোড দিয়ে গুলিস্তানের দিকে অগ্রসর হয়।
এরপর তিনি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক ঘুরে নিউমার্কেট ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা পরিদর্শন করেন। পরে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ এলাকা, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ ও মহাখালী সড়ক প্রদক্ষিণ করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর দুই সিটি করপোরেশন ঈদের দিন থেকেই কোরবানির বর্জ্য অপসারণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী সরেজমিনে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন বলে জানা গেছে।
নগর পরিকল্পনাবিদ ও সচেতন মহল বলছে, রাজধানীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও জনদুর্ভোগ কমাতে সরকারের এমন তদারকি কার্যক্রম ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে ঈদের মতো বড় আয়োজনের পর দ্রুত বর্জ্য অপসারণ জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র : বাসস
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official