
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫১৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১৩০টি যানবাহন ডাম্পিং ও ৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক মামলার চিত্র
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৬১টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৫৯টি মামলা হয়। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি ট্রাক, ৩টি সিএনজি ও ৩টি মোটরসাইকেলসহ ১৪টি মামলা করা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২টি বাস, ২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা করা হয়। সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগে। সেখানে ১৮টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-রমনা বিভাগে ৫টি সিএনজি ও ১৩টি মোটরসাইকেলসহ ২৬টি মামলা এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official