![]()
যশোরের শার্শা উপজেলায় হাসিবুর রহমান (২১) নামে এক যুবককে অপহরণ করে নির্মমভাবে মারধর ও বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুর রহমান (৩৪)সহ অজ্ঞাত আরও তিন–চার জনের বিরুদ্ধে শনিবার বিকালে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
হাসিবুর রহমান শার্শার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। অপরদিকে অভিযুক্ত আসাদুর রহমান দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।
অভিযোগে বলা হয়, শুক্রবার বিকালে নাভারণ বাজার থেকে বাড়ি ফেরার সময় আসাদুর ও তার সহযোগীরা হাসিবুরের গতিরোধ করে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাকে নাভারণ হাসপাতাল মোড়ের একটি বাড়িতে নিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। কারণ জানতে চাইলে আরও বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়।
এসময় হাসিবুরের বিকাশ নম্বরের সিম ছিনিয়ে নিয়ে অ্যাপে লগইন করে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে পরিবারের সদস্যদের ডেকে এনে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
হাসিবুর বলেন, আসাদুর স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে আবারও হামলার হুমকি দিচ্ছে বলে জানান তিনি। তিনি দ্রুত বিচারের দাবি জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official