
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে ঘটনার পর প্রতিশোধের বদলে সংযম, সহনশীলতা ও ক্ষমার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৩ জুলাই যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ ব্যানারে আয়োজিত এক ছাত্র বিক্ষোভে প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর জনশৃঙ্খলা বিঘ্নিত করা, মানহানিসহ একাধিক অভিযোগে উত্তর প্রদেশের নয়ডায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়। পরে তদন্তের স্বার্থে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।
ঘটনার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যন্তর মন্তরে যা ঘটেছে তা গোটা দেশ দেখেছে। তিনি বলেন, সভ্য সমাজে এমন ভাষার কোনো স্থান নেই। তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তি করা হলেও বিদ্বেষ বা প্রতিশোধ কোনো সমস্যার সমাধান হতে পারে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণ বয়সে অনেকেই আবেগ বা ভুল সিদ্ধান্তের কারণে অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে। তাই শুধু আইনের কঠোর প্রয়োগ নয়, তাদের বোঝানো, সংশোধনের সুযোগ দেওয়া এবং সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমা করতে চান।
এদিকে বিক্ষোভের আয়োজক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’-এর মুখপাত্র সৌরভ দাস বলেন, ব্যবহৃত ভাষা যদি অনভিপ্রেত হয়ে থাকে, তাহলে তা নিয়ে দেওয়ানি বা ব্যক্তিগত মানহানির মামলা হতে পারে। তবে সাধারণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং প্রশাসনিক কঠোরতা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
ঘটনাটি ইতোমধ্যে ভারতের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে বিরোধী মহল মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলছে, অন্যদিকে ক্ষমতাসীনদের দাবি, রাজনৈতিক প্রতিবাদের আড়ালে ব্যক্তিগত আক্রমণ ও আপত্তিকর ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্র: এনডিটিভি
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official