![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও জনমতের প্রকৃত প্রতিফলন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার ভোরে ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “হাদির খুনিরা কার্যত বাংলাদেশেরই শত্রু। কারণ, হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল। তিনি আমাদের নিজস্ব সংস্কৃতির কথা বলতেন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।”
তিনি আরও বলেন, শহীদ হাদি কখনো কারো প্রতি অন্যায় বা জুলুম করেননি। বরং সব সময় ন্যায় ও ইনসাফের কথা বলেছেন। “তিনি এমনকি বলতেন—আমার শত্রুর প্রতিও যেন বেইনসাফি না করি। এই নৈতিক অবস্থানই তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিল।”
জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, শহীদ হাদির জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসাই একটি মহলের জন্য অসহনীয় হয়ে উঠেছিল। “এই ভালোবাসাই হয়তো কারো কারো কাছে সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। সে কারণেই ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক—এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।
“মূল কথা হলো—নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে। এখানে যেন ভিন্ন কোনো চিন্তা বা উদ্দেশ্য প্রাধান্য না পায়।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official