![]()
ঢাকা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় ইতিহাসের নতুন অধ্যায় রচিত হয়েছে। প্রথমবারের মতো একই সময়ে নারী নেতৃত্বে আসছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ পদে নারীদের এই উপস্থিতি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে শামীমা পারভীনকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন, যিনি এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, এর আগেই গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ফলে ঢাকা জেলায় একই সময়ে ডিসি ও এসপি—দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেই নারীরা দায়িত্ব পালন করতে যাচ্ছেন, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক মাইলফলক।
শামীমা পারভীন নড়াইল জেলার কৃতি সন্তান। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখেছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়কের দায়িত্বও সফলভাবে সামলেছেন। জাতীয় পর্যায়ে তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রশাসনের গুরুত্বপূর্ণ এই দুই পদে নারীদের নেতৃত্বে আসা নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি নারীর ক্ষমতায়ন এবং প্রশাসনে সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে নারী নেতৃত্ব প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গি ও গতিশীলতা আনবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official