
পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিরলসভাবে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতির অবনতি হলে পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়।
তিনি আরও জানান, আগুনের সঙ্গে ঘন ধোঁয়ার সৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে সর্বশেষ পাওয়া তথ্যে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ধোঁয়া বের হওয়ার পর হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের উৎসস্থল থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা গেছে, যা পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণে পুরো বংশাল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কেপি ঘোষ স্ট্রিটের সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে সরাসরি পৌঁছাতে পারছে না। ফলে প্রায় ২০ থেকে ২৫ গজ দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
জানা গেছে, ভবনের নিচতলায় একাধিক দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর তীব্রতা বেড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও প্রতিকূল পরিবেশের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official