![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর মাঝখানে চলন্ত ফেরিতে একটি ট্রাকের ধাক্কায় ৫টি যানবাহন নদীতে পড়ে গিয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক প্রবাসী, এক ভ্যানচালক ও এক গার্মেন্টস শ্রমিক। দুর্ঘটনার পর নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে রাতেই তিনজনের মরদেহ উদ্ধার করে।
শনিবার (রাত ৯টা) ফতুল্লা থেকে বক্তাবলী ঘাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যানবাহনবোঝাই ফেরিটি নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ একটি ট্রাক চালু হয়ে সামনে এগিয়ে যায়। এ সময় ট্রাকটি সামনে থাকা ২টি ইজিবাইক রিকশা, ১টি ভ্যান ও ১টি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেগুলোসহ ট্রাকটি নদীতে পড়ে যায়।
নিহতরা হলেন—মাসুদ রানা (৩০) — প্রবাসী, সদ্য সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। স্বাধীন — ভ্যানচালক। রফিক — মোটরসাইকেল আরোহী, পেশায় গার্মেন্টস শ্রমিক।
গার্মেন্টস শ্রমিক রফিকের মর্মান্তিক মৃত্যু
নিহত রফিকের স্ত্রী পিংকি জানান, তার স্বামী দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ফতুল্লার ভোলাইল থেকে বাবার বাড়ি বক্তাবলীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ফেরিতে ওঠার পর হঠাৎ একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ পিংকি ও দুই শিশু ফেরির ওপর পড়ে গেলেও রফিক ট্রাকসহ নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত প্রবাসী মাসুদ রানার মা পারভিন আক্তার বলেন, “২৫ দিন আগে আমার ছেলে সিঙ্গাপুর থেকে দেশে এসেছে। দেশে ফিরে ড্রাইভিং শেখা শুরু করেছিল। শনিবার রাতে শেখা শেষে ফেরিতে উঠে স্ত্রীকে ফোন করে বলেছিল—‘আমি ফেরিতে উঠেছি, বাসায় আসছি।’ কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পাই। পরে রাত ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।”
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, “দুর্ঘটনার পরপরই নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। রাত দেড়টার দিকে মাসুদ রানা ও স্বাধীন নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার হওয়া রফিক হাসপাতালে মারা যান।” তিনি আরও জানান, নদীতে পড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ফতুল্লা ও বক্তাবলী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা ফেরি ব্যবস্থাপনার অব্যবস্থা ও নিরাপত্তা ত্রুটির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official