![]()
তেঁতুলঝোড়া ইউনিয়নকে প্রশাসনিকভাবে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবিলম্বে এ উদ্যোগ বাতিল করে তেঁতুলঝোড়া ইউনিয়নকে সাভার উপজেলার অধীনেই বহাল রাখার দাবি জানান।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ঐতিহাসিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে দীর্ঘদিন ধরে সাভার উপজেলার সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পকারখানা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রায় সব ধরনের নাগরিক সেবা সাভারকেন্দ্রিক হওয়ায় ইউনিয়নটির মানুষের জীবনযাত্রা সাভারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনগণের মতামত, গণশুনানি কিংবা অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইউনিয়নটিকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনস্বার্থবিরোধী এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
তাদের ভাষ্য, প্রশাসনিক সীমারেখা পরিবর্তন করা হলে ভূমি অফিস, উপজেলা প্রশাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হবে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং ‘তুমি কে? আমি কে? সাভারী, সাভারী’, ‘আমার মাটি, আমার মা—কেরানীগঞ্জ যাব না’ এবং ‘আমরা সাভারের মানুষ—সাভারেই থাকব’সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নকে সাভার উপজেলার অধীনেই বহাল রাখার আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রস্তাবটি প্রত্যাহার না করা হলে আরও বৃহত্তর শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়া হবে এবং সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official