
ভারতের সিকিম ও অন্যান্য পার্বত্য রাজ্যে টানা ভারি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
তবে অতিরিক্ত পানির প্রবাহে ব্যারেজের পাশের ফ্লাটবাইপাস সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, “উজানে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানির পরিমাণ ক্রমাগত বাড়ছে। আমরা পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে সব প্রস্তুতি নিয়েছি। তবে দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে।”
গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৮২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ মাইকিং করে নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এরই মধ্যে অনেকে গবাদিপশু ও মূল্যবান সামগ্রী নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “হঠাৎ পানি বৃদ্ধির কারণে আমরা পাঁচ উপজেলা নির্বাহী অফিসারকে সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি। যদি পানি আরও বৃদ্ধি পায়, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official