![]()
ঢাকা জেলার মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) একটি সফল অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৮০ (আশি) পিস ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এর কড়া নির্দেশনা ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী ডিবি (উত্তর) এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। তার নেতৃত্বের ফলে জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীলতা পেয়েছে।
দ্রুতগতিতে পরিচালিত এই অভিযানে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ উপস্থিত থেকে গোটা এলাকা ঘেরাও ও তল্লাশি অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মোঃ নাসির, পিতা নুরু মিয়া। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোয়াদী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করছিলেন। তার নিকট থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তিনি বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ঘটনার পর আটককৃত মাদক ব্যবসায়ীকে আশুলিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, তার সঙ্গে আরও কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী অভিযানে আরও গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলার প্রতিটি থানা এলাকায় নিয়মিত অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী বা তাদের পৃষ্ঠপোষকদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official