![]()
ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। ডিবির একাধিক টিম আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ইসলাম নগর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান। এ সময় সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য মোঃ আরফিউল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। সে ইসলাম নগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে ৮ মে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম। এ সময় দুই পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ (২০) ও মোঃ শরিফ মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১৯ হাজার ২০০ টাকা।
গ্রেফতারকৃত রিয়াদের বাড়ি রংপুর মহানগরীর কোতোয়ালী থানার কিসামত হরকুল্লি এলাকায় এবং শরিফ মিয়ার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কুন্দরামপুর এলাকায় বলে জানা গেছে।
এদিকে একই দিনে ভোর ৬টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় আরও একটি অভিযান চালায় ডিবি (উত্তর)। এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই মাদক ব্যবসায়ী মোঃ লাবলু বিশ্বাস (৩৮) ও মোঃ ইদ্রিস আলী (৩৮) কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। গ্রেফতারকৃত লাবলু বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কাজী নওপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার নবীনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর আসামী ইদ্রিস আলীর বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী এলাকায়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official