![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “জনগণের সঙ্গে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব রেখে কেবল ক্ষমতা কেন্দ্রীভূত করে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।” শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় আয়োজিত এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আমরা মনে করি জনগণ সংগঠিত নয়, আমরা (ক্ষমতাধররা) সংগঠিত—এই ধারণা ভুল। বর্তমানে বিভিন্ন জায়গায় মানুষ নিজেরাই সংগঠিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করছে। এই ধরনের অপশাসন জনগণ আর মেনে নেবে না।”
পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “একটি দেশ ৫৩ বছর একভাবে চলেছে—তা এক-দেড় বছরের মধ্যে হঠাৎ পরিবর্তন সম্ভব নয়। তবে পরিবর্তনের ধারা শুরু হয়েছে, এবং সেটি লক্ষ্য করলে বোঝা যাবে। একটি দেশের সরকার তখনই ব্যর্থ হয়, যখন জনগণও ব্যর্থ হয়ে পড়ে। সরকারের ব্যর্থতা, জনগণেরও ব্যর্থতা।”
পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ
পলিথিন শপিং ব্যাগ বন্ধে সরকারি প্রচেষ্টার ব্যর্থতার দায় অস্বীকার করে তিনি বলেন, “আমরা ব্যর্থ হইনি, বরং কাঠামোগত সমস্যার কারণে অনেক কিছু থেমে আছে।”
তিনি জানান, সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগ নদী দখল ও দূষণ রোধে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
বুড়িগঙ্গা নদীর তলদেশে জমে থাকা পলিথিন অপসারণ নিয়েও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তরে মাত্র চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকায় বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।
তিনি আরও জানান, আমিনবাজারের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনাও চলছে। আমিনবাজার ও ট্যানারি এলাকার দূষণ রোধ সরকারিভাবে কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নদী রক্ষায় সচেতনতা জরুরি
“নদী দূষণ করে শিল্প প্রতিষ্ঠানগুলো চাকরি দিচ্ছে—এটা যেমন সত্য, তেমনি নদী লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে রাখছে। ঢাকার নদীগুলো একসময় মাছের উৎস ছিল, যা এখন প্রায় নেই। কৃষকরাও ঢাকা শহর থেকে হারিয়ে যাচ্ছে,”—বলেন রিজওয়ানা হাসান।
পরিশেষে তিনি নদী ও পরিবেশ দূষণ রোধে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official