
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় অভিনেত্রী তাদের অনুরোধ করছেন— “বেশি জুম করবেন না।” এই সংক্ষিপ্ত মন্তব্যই নেটদুনিয়ায় বড় ধরনের বিতর্কের সূত্রপাত করেছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে নারী সেলিব্রিটিদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিফলন হিসেবে দেখছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটা খুবই দুঃখজনক যে একজন নারীকে এমন কথা বলতে হচ্ছে।”
অন্য একজন লিখেছেন, “যদি একজন নারীকে এভাবে সতর্ক করতে হয়, তাহলে বুঝতে হবে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি।”
আবার কেউ কেউ সমাধানের প্রস্তাব দিয়ে বলেছেন, “সব সেলিব্রিটির উচিত এমন লোক নিয়োগ করা, যারা পাপারাজ্জিদের সামনে তাদের কভার করবে, তাহলে হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পারবে।”
ঘটনাটি ঘটে ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ৫-এর শুটিং সেটের বাইরে। সেখানে কারিশমা কাপুর, টেরেন্স লুইস ও গীতা কাপুর— তিন বিচারকই পাপারাজ্জিদের সামনে পোজ দিচ্ছিলেন। পোজ দেওয়ার পর সরে যাওয়ার মুহূর্তেই কারিশমা এই সতর্কবার্তা দেন, যা ক্যামেরায় ধরা পড়ে এবং পরে ভাইরাল হয়ে যায়।
এ ঘটনা নতুন নয়। এর আগেও বহু সেলিব্রিটি পাপারাজ্জিদের কাছে ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে নারী তারকাদের ক্ষেত্রে ক্যামেরার অতিরিক্ত জুম বা অনুপযুক্ত অ্যাঙ্গেল নিয়ে অভিযোগ বহুদিনের।
উল্লেখ্য, নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী কারিশমা কাপুর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্ডার মুবারক’ সিনেমায় তাকে দেখা যায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, সারা আলি খান ও বিজয় ভার্মা।
এদিকে, দর্শকদের জনপ্রিয় নৃত্য রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ৫ আগামী ৯ মে থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে প্রচার শুরু হবে। প্রতি শনি ও রবি রাত ৯টায় প্রচারিত এই শোয়ের এবারের থিম ‘ইন্ডিয়া ওয়ালা ড্যান্স’, যেখানে ফ্রিস্টাইল ও বলিউড নাচের মিশ্রণ তুলে ধরা হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official