![]()
ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একজন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় ঝটিকা মিছিল সংগঠিত ও নেতৃত্ব দিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া, এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা গত ২৭ জুন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার করা হয় মো. সাদ্দাম শেখ (৩৪)-কে। তিনি পাবনা জেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের নূরালী শেখের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় (নারী ও শিশু হাসপাতালের পেছনে) বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতার সাদ্দাম শেখ পূর্বে আমিনপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি "বাংলাদেশ মুক্তির ডাক ৭১" নামের একটি সংগঠনের আমিনপুর থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়েরকৃত মামলা নং-২২, তারিখ ২২ আগস্ট ২০২৪, পেনাল কোডের ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
(বিঃদ্রঃ এই প্রতিবেদনে গ্রেফতার ও অভিযোগ সংক্রান্ত তথ্য ঢাকা জেলা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।)
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official