![]()
ঢাকার আশুলিয়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার দ্বিতীয় তলায় কর্মরত শ্রমিকরা প্রথমে আগুনের উপস্থিতি টের পান। পরে তাৎক্ষণিকভাবে কারখানার সব গেট খুলে শ্রমিকদের নিরাপদে বের করে দেন কর্তৃপক্ষ। ওই কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কর্মরত বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জিরাবো ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন, “আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।”
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে জিরাবো স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।”
ফায়ার সার্ভিস জোন–৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন জানান, “সব মিলিয়ে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানানো হবে।” তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official