![]()
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকার মুগদা থানার মান্ডা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাগর আহম্মেদ (২৫)। বর্তমানে তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার গ্রীণসিটি মেজরের বাসায় বসবাস করতেন।
দ্বিতীয়জন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাতৈলভিটি গড়পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫)। বর্তমানে তিনি ঢাকার ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় বসবাস করতেন।
তৃতীয়জন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বাউসমারি এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম (২২)। বর্তমানে তিনি আশুলিয়ার টেংগুরি এলাকায় বসবাস করতেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশুলিয়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
এদিকে গ্রেফতার হারুন অর রশিদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ বলছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official