![]()
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, চোলাইমদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামাদি এবং ১০৫ (একশত পাঁচ) লিটার চোলাইমদসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সাথে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
গত ০৯ এপ্রিল রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সোপান চাকমা (৩০), পিতা-মৃত সুকাময়, স্থায়ী ঠিকানা: নোরাপাড়া, থানা-পানছড়ি, জেলা-খাগড়াছড়ি; বর্তমানে খেজুর বাগান, রুপায়ন মাঠ (মুন্নির বাড়ির ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা। মোঃ শাহীন আলম (৪০), পিতা-মৃত হাবিবুর রহমান, স্থায়ী ঠিকানা: নিশ্চিন্তপুর, আশুলিয়া, ঢাকা। মোঃ টিটন মিয়া (২৮), পিতা-মৃত আব্দুল জলিল, স্থায়ী ঠিকানা: মাহমুদপুর, তাহিরপুর, সুনামগঞ্জ; বর্তমানে খেজুর বাগান (মুন্নির বাড়ির ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা। মোঃ আলীম (৩০), পিতা-মৃত কাছু মন্ডল, স্থায়ী ঠিকানা: রাম গুইয়া, বাগমারা, রাজশাহী; বর্তমানে জামগড়া, বটতলা ফকিরবাড়ী (সবুজের বাড়ির ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা।
অভিযানে তাদের কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এছাড়া চোলাইমদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামাদি এবং ১০৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আসামী মোঃ শাহীন আলমের বিরুদ্ধে পূর্বে একটি সিআর মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-৪৬, তারিখ: ১০/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণীর ২৪(গ)/২৬/৩৮/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official