![]()
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। অভিযানে একটি পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯ মে রাত আনুমানিক ৩টা ০৫ মিনিটে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), পিতা: জয়নাল আবেদীন, দক্ষিণ গাজীরচট (আরিয়ার মোড়), আশুলিয়া, ঢাকা। ২. মোঃ নাসির (২২), পিতা: মোশারফ হোসেন, স্থায়ী ঠিকানা ফরিদাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা; বর্তমানে দক্ষিণ গাজীরচট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত। ৩. গোলাম রব্বানী (৩০), পিতা: ওয়াজেদ সরকার, নাটোর সদর, নাটোর; বর্তমানে বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাসরত। ৪. মোঃ বাবু (৩৫), পিতা: মৃত রবিউল ইসলাম, বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা; বর্তমানে আশুলিয়া এলাকায় অবস্থান করতেন।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—একটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের তৈরি ধারালো চাপাতি, একটি ধারালো স্টিলের চাকু, একটি লোহার তৈরি ধারালো কাটার।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পূর্বে ৫টি মামলা রয়েছে। এছাড়া গোলাম রব্বানীর বিরুদ্ধেও ১টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলায়ও তাদের গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official