![]()
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে ৭ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১ জুন রাত ১১টা ১০ মিনিটে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন বগাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি সংঘবদ্ধ জুয়া চক্রের ৭ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রিপন বিশ্বাস (২৯), মানিক হোসেন (৬৫), আলমাস (৪০), জাহিদুল ইসলাম (৩২), আরিফ (৩৩), সোহেল রানা (২৪) এবং ইয়াদ আলী (৬৫)।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি আশুলিয়ার বিভিন্ন এলাকায় গোপনে জুয়ার আসর বসিয়ে সাধারণ মানুষের মধ্যে সামাজিক অবক্ষয় সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ২ হাজার ৫৫০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া পরিচালনা ও অংশগ্রহণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা জেলা ডিবি পুলিশের কর্মকর্তারা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে জনগণকে নিকটস্থ থানায় অথবা পুলিশের হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official