![]()
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে আশুলিয়া থানাধীন নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় ডিবি (উত্তর) শাখা ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। মাদক নির্মূলে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৯ জানুয়ারি ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী জেলার কালুখালী থানার চামুকদিয়া এলাকার মৃত বদর উদ্দীনের কন্যা চম্পা পারভীন (৩৫) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকার মৃত ইয়াকুব হোসেনের ছেলে মোঃ সাইদুর রহমান (৪০)। তারা বর্তমানে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বসবাস করছিলেন। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ সাইদুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আশুলিয়াসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানায়, সমাজ থেকে মাদকের ভয়াল থাবা দূর করতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
▶️ youtube.com/@bdkhabortv 📸 instagram.com/bdkhabar 📘 facebook.com/bdkhabor1 🐦 x.com/b_khabor 🎵 tiktok.com/@sagarbd_official